ATN
শিরোনাম
  •  

গাজা উপত্যকায় পঞ্চম দিনের মতো চলছে ইসরায়েলি হামলা

         

গাজা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পঞ্চম দিনের মতো চলছে ইসরায়েলি হামলা। ইসরায়েলের এই সামরিক অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্যাপক প্রাণহানিতে উদ্বেগ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে, ইসরায়েলের প্রতি সমর্থন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন এক মৃত্যুপুরী । মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। ধসে পড়ছে একের পর এক স্থাপনা। টানা পাঁচ দিন ধরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় ধসে পড়েছে অসংখ্য ভবন।

জীবন বাঁচাতে পরিবার নিয়ে আশ্রয় নেয়ার মতো নিরাপদ জায়গাও খুঁজে পাচ্ছেন না অবরুদ্ধ গাজাবাসী। ইসরায়েলি বোমা বর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না আশ্রয় শিবিরগুলোও। গাজায় অবরোধ ঘোষণার পর থেকে গোটা এলাকায় সুপেয় পানি ও খাবারের সংকট চরমে। অনেক জায়গায় নেই বিদ্যুৎ। সব মিলিয়ে শুরু হয়েছে চরম মানবিক বিপর্যয়।

এ ধরনের সর্বাত্মক অবরোধ কার্যকর করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ওমানের মাসকাটে আয়োজিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বরেল বলেন, এই প্রেক্ষাপটে ইসরায়েলের কিছু সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ইসরায়েল হামাস সংঘর্ষে ক্রমবর্ধমান প্রাণহানিতে উদ্বেগ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাধারণ মানুষের ওপর ইসরায়েলি গোলাবর্ষণের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি শহর রামাল্লায় বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।

বিশ্ব খাদ্য কর্মসূচি গত রোববার (৮ অক্টোবর) জানিয়েছে, তাদের কাছে গাজাবাসীর জন্য এক মাসের খাবার মজুত আছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, দ্রুত খাবারের জোগান দিতে না পারলে চরম সংকটে পড়বে গাজার মানুষ। এই পরিস্থিতিতে খাদ্য ও পানি সরবরাহের জন্য গাজা উপত্যকায় একটি মানবিক কোরিডোর খোলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, গাজা উপত্যকায় ৮৩টি বিদ্যালয়ে আশ্রয়শিবির খোলা হয়েছে। সোমবারের (৯ অক্টোবর) মধ্যে এসব শিবিরের ৯০ শতাংশ সক্ষমতা পূর্ণ হয়ে গেছে। শনিবার (৭ অক্টোবর) সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ এসব শিবিরে আশ্রয় নিয়েছেন।

বিশ্বের জনবহুল এলাকাগুলোর একটি গাজা। ১৪০ বর্গমাইলের এ উপত্যকায় বসবাস করেন প্রায় ২৩ লাখ মানুষ। এসব মানুষের অর্ধেকই সারা বছর ভোগেন চরম খাদ্যসংকটে। দারিদ্র্যসীমার নিচে জীবন কাটাতে হয় তাঁদের। জানিয়েছে ইউএনআরডাব্লিউএ ।
ডেস্ক রিপোর্ট : অর্পণ মৈত্র।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ