ATN News
শিরোনাম
  •  

সিলেটে সরকারি প্রতিষ্ঠানে মনোরম ছাদ বাগান

         
সিলেটে সরকারি প্রতিষ্ঠানে মনোরম ছাদ বাগান

ছাদবাগান

নগর জীবনে বাড়ির ছাদে ব্যক্তিগত বা পারিবারিক ভাবে শখের বশে অনেকে ছাদ বাগান করলেও সরকারি কোন প্রতিষ্ঠানের ভবনের ছাদে সচরাচর এমন বাগান দেখা যায় না। বিশেষ করে সিলেট শহরে কোন সরকারি প্রতিষ্ঠানের ভবনে এ পর্যন্ত কোন ছাদবাগানের দেখা মেলে নি। তবে ব্যতিক্রম হচ্ছে ইমাম প্রশিক্ষণ একাডেমি, সিলেটের ভবন। সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির ভবনের ছাদে গিয়ে দাঁড়ালে মনে হবে যেন মনোরম কোন সবুজ উদ্যানে দাঁড়িয়ে আছেন। নানা জাতের ফুল-ফল, টাটকা শাক-সবজি থেকে নিয়ে কী নেই এখানে? এ যেন একখ- আবাদি ফসলি জমির চাষাবাদ। ইতিমধ্যে বাগানটি এসে পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান, এমপি। তিনি খুবই প্রসংশা করেছেন এমন একটি উদ্যোগ বাস্তবায়ন করায়। এর আগে সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গও ছাদ বাগান পরিদর্শনে এসে মুগ্ধ হয়েছেন।



গাছে গাছে ঝুলছে বেগুন, থোকায় থোকায় মরিচ, আছে শসা, খিরা, লেবু, কমলা, মাল্টা, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ থেকে নিয়ে ধনিয়া, লেটুস, শীম, পুদিনা, রসুন, পিয়াজ, আদাসহ নানা জাতের শাক-সবজি, ফল-মূলের চাষাবাদ এখানে। সেই সাথে বাগানের শ্রী বৃদ্ধি করেছে হরেক রংয়ের, নানা প্রকারের ফুল। বাগানের মাঝখানে আছে চেয়ার-টেবিলে বসা বা আড্ডার দেয়ার মতো ছোট ঘর। ঘরের চারপাশে টবে টবে ফুটে আছে নানা রংয়ের ফুল। এ এক নয়নাভিরাম দৃশ্য। অবসর সময়ে অনেক কর্মকর্তা এসে ছাদ বাগানে একটু নিঃশ্বাস নেন। সবুজ প্রকৃতির সান্যিধ্যে বসে মনপ্রাণ জুড়ান।


এই ছাদ বাগানের উদ্যেক্তা হচ্ছেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি, সিলেটের বর্তমান উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি একজন লেখক ও গবেষকও বটে। তাঁর রচিত গ্রন্থ ও অনুবাদের বইও রয়েছে অনেক। তিনি মূলত এখানে ছাদ বাগানের স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নে নেমে পড়েন। মাত্র ত্রিশ হাজার টাকা বাজেট নিয়ে কাজ শুরু করলেও কাজে নেমে সেই বাজেট অতিক্রম করে অনেক দূর চলে যায়। ছাদ বাগানের শুরুটা ছিলো একটু কঠিন! শহরে সাধারণত মাটি, গোবর এসবের অভাব। মাটি, গোবর এসব সংগ্রহ করা হয়েছে শহরের বাইরে থেকে। গাড়ি দিয়ে এনে শ্রমিক দিয়ে সেগুলো সরঞ্জামসহ ছাদে নিয়ে ছোট বড় টবে সাজানো হয়েছে। প্লট প্রস্তুত করার পর চারা ও বীজ সংগ্রহ করে রোপণ এবং বপনের মাধ্যমে ছাদ বাগানকে তৈরি করা হয়েছে। এসব কাজে নিজে দাঁড়িয়ে থেকে শুধু পর্যবেক্ষণ করেন নি, শাহ নজরুল ইসলাম তিনি নিজেও শ্রমিকদের সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি নিজ হাতে বাগান পরিচর্যা করেন। এসব কাজে নিচ্ছেন কৃষিবিদদের পরামর্শও। বর্তমানে বাগানটিতে পঞ্চাশেরও অধিক ফল-মূল, শাক-সবজি এবং ফুলের জাত আছে। বাগানটি এখন ফুলে, ফলে, পত্র-পল্লবে সুশোভিত। প্রায় প্রতিদিন বাগান থেকে টাটকা মৌসুমি শাক-সবজি তোলা হয় এবং তা পরে কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এটা নিয়ে তাদের মধ্যে বাড়তি আনন্দ। বাগানটি করে শাহ নজরুল ইসলাম নিজে যেমন প্রসংশিত হয়েছেন তেমনি অনেক সরকারি কর্মকর্তারা এসে বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। ধারণা করা হচ্ছে এটা দেখে সিলেট ও সিলেটের বাইরে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ছাদে ছাদবাগান করার প্রেরণা যোগাবে।

ছবি

ইট-পাথরের নগর জীবনে যত দালান বাড়ছে ততোই কমছে সবুজ। সবুজ বনায়ন এখন শহরে খুঁজে পাওয়া দুষ্কর। সবুজ প্রকৃতির ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে শহুরে মানুষ। প্রকৃতির ওপর পড়ছে বিরূপ প্রতিক্রিয়া। বাড়ছে উষ্ণতা। গ্রীণ হাউজ প্রতিক্রিয়ার কবল থেকে বাঁচতে নগর জীবনে ছাদ বাগান বা সবুজ বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখা যেতে পারে। সেই সাথে মেটাতে পারে বিষমুক্ত টাটকা ফল-মূল, শাক-সবজির চাহিদাও।

ছবি
নগর সভ্যতায় ভবনের ছাদে বা অল্প কোন ফাঁকা জায়গায় শখের বশে বাগান করাটা নতুন কিছু নয়। নগর জীবনে সবুজের টানে বা একটু সবুজের ছোঁয়া পেতে ছাদে কিংবা বেলকনিতে টবের মধ্যে অনেকে সবুজ গাছ গাছালি লাগিয়ে পরিচর্যা করেন। একটা সময় এটা শখের বশে অনেকে করলেও এখন আর তা শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই। ছাদ কৃষির ব্যাপকতা নগর জীবনে এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ছাদকৃষির মাধ্যমে নিজেদের খাদ্য চাহিদা অনেকটা যেমন পূরণ করা সম্ভব, তেমনি ছাদকৃষির মাধ্যমে পরিবেশের ভারসাম্যতা রক্ষায় কার্যকরি হতে পারে। বিশেষ করে নগর জীবনে তাপমাত্রা রোধ করা অনেকটা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত কিংবা পারিবারিক ভাবে শহরের অনেকে ছাদ বাগান করলেও সরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোতে এমন কার্যক্রম নেই। অথচ একটা শহরে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা কম নয়। বড় বড় ছাদ পড়ে আছে অব্যবহৃত ভাবে। সেগুলোতে যদি ছাদ বাগান করার উদ্যেগ নেয়া হয় তাহলে শুধু খাদ্য চাহিদা নয়, পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমির ছাদ বাগান একটি দৃষ্টান্ত যা অন্যদেরকেও অনুপ্রাণিত করে চলেছে।


পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ