ATN News
শিরোনাম
  •  

পাঁচ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের

         
পাঁচ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের

পাঁচ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের

আগামী পাঁচ বছরে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি বিনিয়োগের পাশাপাশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) এবং বাজেট বরাদ্দের মধ্যে সমন্বয় করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটির আয়োজন করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।

উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। এগুলো হলো অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব। সরকারি অর্থ ব্যয়ের আগে প্রতিটি প্রকল্পের সম্ভাব্য অর্থনৈতিক সুফল ও কর্মসংস্থানের সুযোগ যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান আমির খসরু। তিনি বলেন, সরকার একা সব কাজ করতে পারবে না। আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করতে হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকার বর্তমানে অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন পণ্য আমদানিতে দুই থেকে তিন গুণ বেশি দাম দিতে হচ্ছে। এতে সরকারি কোষাগারে চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কম থাকতে পারে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।

পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়নের সময়সূচি তুলে ধরে তিনি বলেন, প্রথম বছরটি অত্যন্ত কঠিন হবে। দ্বিতীয় ও তৃতীয় বছরেও বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হবে। তখন অর্থনৈতিক পুনরুদ্ধার বা স্থিতিশীলতা ফিরিয়ে আনার অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না।

পাঁচ বছরের কৌশলগত কাঠামো কোনো আকস্মিক পরিকল্পনা নয় উল্লেখ করে আমির খসরু বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি তৈরি হয়েছে। ২০১৬ সালে বিএনপির ভিশন-২০৩০ প্রণয়নের মধ্য দিয়ে এ পরিকল্পনার চিন্তাগত ভিত্তি তৈরি হয়। পরবর্তী সময়ে ২৭ দফা এবং আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করা হয়। এসব উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান পাঁচ বছরের কৌশলগত কাঠামো তৈরি হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ