ATN News
শিরোনাম
  •  

সন্ত্রাস ও সহিংসতা বন্ধে রাজনৈতিক দায়িত্বশীলতার আহ্বান রাষ্ট্রপতির

         
সন্ত্রাস ও সহিংসতা বন্ধে রাজনৈতিক দায়িত্বশীলতার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাস ও সহিংসতা বন্ধে রাজনৈতিক দায়িত্বশীলতার আহ্বান রাষ্ট্রপতির

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর কোনো যৌক্তিকতা নেই। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কারখানা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

এ সময় ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, এই আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ