ATN News
শিরোনাম
  •  

৬০০ তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৬’

         
৬০০ তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৬’

৬০০ তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৬’

জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, শিশু ও নারীর অধিকার এবং নেতৃত্ব বিকাশে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণ স্বেচ্ছাসেবক, উদীয়মান নেতৃত্ব ও পরিবর্তনকামী তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মজার ইশকুলের সিগনেচার আয়োজন ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধি, পেশাগত সম্ভাবনা অন্বেষণ এবং সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে নীতিগত আলোচনা ও জনসচেতনতা তৈরির একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম তৈরি হয়।

অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মজার ইশকুল আয়োজিত এই সামিটের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭১ সালের অদম্য প্রেরণা ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের চিন্তা, উদ্যোগ, সাহস ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামিটটি মূলত দুটি প্রধান ধারায় সাজানো হয়। প্রথম অংশে তরুণদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা, যোগাযোগ, দলগত কাজ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় অংশে জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, শিশু ও নারীর অধিকার এবং শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে নীতিগত আলোচনা ও অ্যাডভোকেসি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবী, উন্নয়নকর্মী, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফের সার্বিক সঞ্চালনায় আয়োজিত সামিটে তিনি বলেন, ‘অদম্য ইয়ুথ সামিট দেশের অন্যতম বৃহৎ তরুণ ও স্বেচ্ছাসেবক সমাবেশ এবং তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণরা একত্রিত হওয়ার, নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের, নতুন কিছু শেখার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। আমরা বিশ্বাস করি, তরুণদের সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও সুযোগ দিতে পারলে তারাই সমাজ ও দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

জলবায়ু পরিবর্তন ও তরুণদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষা

সামিটের ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অধিবেশনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এতে আলোচক হিসেবে অংশ নেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, এ-টেক (বিডি) ও এ-টেক গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক শুভাশীষ ভৌমিক, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হাসিবুল ইসলাম রাফি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। অধিবেশনটি সঞ্চালনা করেন সিইজিআইএসের রিসার্চ কনসালট্যান্ট জাসমিমা সাবাতিনা।

ভবিষ্যৎ দক্ষতা, উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন

‘ফিউচার স্কিলস, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক অধিবেশনে পরিবর্তনশীল শ্রমবাজার, ভবিষ্যৎ কর্মসংস্থানের চাহিদা, প্রযুক্তিনির্ভর দক্ষতা, উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তা তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে আলোচক হিসেবে অংশ নেন বিডিজবস ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে, দ্য ডেইলি স্টারের সিবিও এবং কিরণের সিওও তাজদিন হাসান এবং ২০২৭ সালের জেসিআই ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ। অধিবেশনটি সঞ্চালনা করেন ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের (ওয়াইইউনেট) সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলতামিস নাবিল।

শিশু, নারী ও শিক্ষার অধিকার: নীতি ও অ্যাডভোকেসি

‘চাইল্ড, উইমেন অ্যান্ড এডুকেশন রাইটস: পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি’ শীর্ষক অধিবেশনে শিশু ও নারীর অধিকার সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার, সামাজিক বৈষম্য নিরসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নীতিগত সহায়তা ও অ্যাডভোকেসির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এতে আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. সৈয়দা মাসুমা রহমান, ওয়াইওয়াই ভেঞ্চারসের সিনিয়র ম্যানেজার (এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামস) ফারহিয়া তাবাসসুম হক, আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মারুফা জাহান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিন এবং আপন ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও এসপিএর চেয়ারপারসন মোহাম্মদ আফতাবুজ্জামান।

বিশেষ সেশনে তারকাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব

সামিটে তরুণদের অনুপ্রাণিত করতে বিনোদন, আইন, গণযোগাযোগ, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিত্বদের অংশগ্রহণে বিশেষ সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে অভিনেত্রী, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চিফ কমিউনিকেশনস অফিসার জিশান কিংশুক হক নিজেদের পেশাগত অভিজ্ঞতা, কর্মজীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া অভিনেতা ও মডেল আন্তু করিম, লেখক ও নাট্যকার ইশতিয়াক আহমেদ এবং তানভীর হোসাইন ব্রিট্টো বিশেষ সেশনে অংশ নেন। এসব আয়োজনে ব্যক্তিগত বিকাশ, আত্মবিশ্বাস, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং পেশাগত জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অধ্যবসায় ও ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

‘দেশের কাছ থেকে আমরা অনেক কিছু পাই, তাই দেশের জন্য আমাদেরও কিছু করা দায়িত্ব’

সামিটের সমাপনী বক্তব্যে মজার ইশকুলের উপদেষ্টা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুল আওয়াল বলেন, ‘দেশের সেবা করা আমাদের দায়িত্ব। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি এবং দেশের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা ও উপকার পেয়েছি। তাই দেশের প্রতি আমাদেরও কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অভাবগ্রস্তদের সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। মানুষের কল্যাণে এগিয়ে আসা এবং সমাজের জন্য কাজ করার মধ্য দিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি।’

তিনি তরুণদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তাঁর বক্তব্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

তরুণদের সংযোগ, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের সম্মিলিত উদ্যোগ

দ্বিতীয়বারের মতো আয়োজিত অদম্য ইয়ুথ সামিটের মাধ্যমে মজার ইশকুল তরুণদের প্রচলিত শিক্ষার গণ্ডির বাইরে বাস্তবমুখী জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরির পাশাপাশি বিভিন্ন পেশা ও উন্নয়ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণের এই অংশগ্রহণ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতা, নতুন উদ্যোগ গ্রহণ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, তরুণরা কেবল আগামীর নেতৃত্ব নয়, বরং বর্তমান সময়েরও গুরুত্বপূর্ণ পরিবর্তনকামী শক্তি। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই অদম্য ইয়ুথ সামিটের মূল লক্ষ্য।

মজার ইশকুল ও অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন সম্পর্কে

মজার ইশকুল অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের (ওবিএফ) একটি উদ্যোগ, যা ২০১৩ সাল থেকে বাংলাদেশের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য ও পুষ্টি, সুরক্ষা এবং সার্বিক বিকাশে কাজ করে আসছে। ‘স্ট্রিট চাইল্ড ফ্রি বাংলাদেশ’-এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি শিশুদের জন্য শিক্ষা ও মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

অদম্য ইয়ুথ সামিট প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান যুবসম্পৃক্ততামূলক আয়োজন। এর মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনের উদ্যোগে সম্পৃক্ত করতে কাজ করছে মজার ইশকুল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ