ATN News
শিরোনাম
  •  

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

         
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করছে।

রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই।

ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো রকমের সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ওখানে ফজরের নামাজের পরে একটা ইনসিডেন্ট হয়েছে। তাদের মধ্যে আন্তঃকলহ বা আন্তঃদ্বন্দ্ব হয়েছে বা সংঘর্ষ হয়েছে, এগুলো আমি শুনতে পাচ্ছি, এখনো আমরা ডিটেইল তদন্ত করিনি। তাতে দুইজনের প্রাণহানি হয়েছে বলেও শুনেছি।

আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স; তারা যথেষ্ট ধৈর্য সহকারে, অত্যন্ত কৌশলের সঙ্গে তারা পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানকার পরিস্থিতি শান্ত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আশ্বস্ত করেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ