ATN News
শিরোনাম
  •  

ভূমিকম্পে স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, সেই ঘটনায় ভেঙে গেল সংসার

         
ভূমিকম্পে স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, সেই ঘটনায় ভেঙে গেল সংসার

ভূমিকম্পে স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, সেই ঘটনায় ভেঙে গেল সংসার

জীবন-মৃত্যুর ব্যাপার। তাতেই প্রশ্নের মুখে পড়ে গেছে বিবাহিত জীবন। ভূমিকম্পের সময় নায়কোচিতভাবে বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে পালানোয় নিজ স্বামীকে ডিভোর্স দিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী।

জানা যায়, স্বামীর এমন আচরণে হতবাক হয়ে যান ওই নারী। ঘটনাটি তার কাছে শুধু বিব্রতকরই ছিল না, বরং দাম্পত্য সম্পর্ক নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে তাকে। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় এসেছেন ওই নারী। ইভান অ্যালেক্সিস অলিভার নামের ওই নারী টিকটকার তার বিবাহবিচ্ছেদের পেছনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। আর তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

টিকটকে প্রকাশিত ভিডিওতে ওই নারী বলেন, একদিন আমরা একটি রেস্তোরাঁয় ছিলাম। এমন সময় ভূমিকম্প হয়। আশপাশে যারা ছিল তারা সবাই তাদের সঙ্গীকে উঠে দাঁড়াতে বা টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিল। আর আমার স্বামী টেবিল থেকে লাফিয়ে দৌড়ে পালায়।

তিনি আরও জানান, তার স্বামীর ধারণা ছিল তিনি (এই নারী) তাকে দেখতে পাননি। কিন্তু, রেস্তোরাঁয় তারা যেখানে বসে খাচ্ছিলেন তার স্বামী ঠিক তার উল্টোপাশেই গিয়ে লুকান। যদিও তাকে যে দেখা যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি।

ভিডিওতে তিনি উল্লেখ করেন, ভূমিকম্পে ওই সময় কেউ আহত হয়নি। তবে, দুঃখজনক ব্যাপার হলো তার অসহায়ত্ব দেখে রেস্তোরাঁয় যারা খাবার পরিবেশন করছিলেন তারাও দুঃখপ্রকাশ করেন।

সেই নারীর স্বামীর এমন আচরণ রেস্তোরাঁর কর্মীর কাছেও অদ্ভুত মনে হয়েছিল। ওই নারী জানান, ভূমিকম্পের পর রেস্তোরাঁর একজন কর্মী তার কাছে এসে জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন কি না। ভূমিকম্প শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তবে সবকিছু ঠিক আছে কি না, তা-ও জানতে চান ওই কর্মী।

নারীটি জানান, কর্মীর সেই মন্তব্য তাকে আরও বিব্রত করে তোলে। তবে ঘটনাটি তার কাছে শুধু লজ্জার ছিল না, বরং স্বামীর কাছে নিজের গুরুত্ব নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে।

ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত অদ্ভুত ও বিব্রতকর। ভূমিকম্পের মতো পরিস্থিতিতে স্বামী একবারও তার কথা ভাবেননি। নিজের নিরাপত্তার কথা ভেবেই তিনি দৌড়ে পালিয়েছেন। এতে তার মনে হয়েছে, স্বামীর কাছে তার নিরাপত্তার কোনো গুরুত্বই নেই।

ওই ঘটনার পর দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে ভাবেন তিনি। একপর্যায়ে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই নিজেদের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

এক নারী মন্তব্যে জানান, একবার একটি বিয়ের অনুষ্ঠানে তার পার্স হারিয়ে গিয়েছিল। স্বামীকে পার্সটির কথা জিজ্ঞাসা করলে তিনি কোথায় রাখা আছে তা জানিয়ে দেন। পরে ওই নারী সেখান থেকে চলে যাওয়ার পর শুনতে পান, স্বামী অন্যদের বলছেন, পার্স খোঁজার কাজে ব্যস্ত থাকলে অন্তত তিনি তাকে বিরক্ত করবেন না।

আরেক নারী নিজের সাবেক স্বামীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা জানান। তার ভাষ্য, একবার বাড়ির কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রে অ্যালার্ম বেজে উঠলে স্বামী তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিজে দরজা দিয়ে বাইরে চলে যান। তিনি হতবাক হয়ে বসার ঘরেই দাঁড়িয়ে ছিলেন। পরে জানা যায়, অ্যালার্মটি ভুল সংকেত দিয়েছিল।

ওই নারী জানান, ঘটনাটি তার কাছে ছিল একটি বড় উপলব্ধি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যের মধ্য দিয়ে অনেকেই সম্পর্কের কঠিন সময়ে সঙ্গীর আচরণ কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ