ATN News
শিরোনাম
  •  

ইউপি নির্বাচন সামনে রেখে তিন দিনের সংলাপে বসেছে ইসি, অংশ নিচ্ছে ৫১ দল

         
ইউপি নির্বাচন সামনে রেখে তিন দিনের সংলাপে বসেছে ইসি, অংশ নিচ্ছে ৫১ দল

ইউপি নির্বাচন সামনে রেখে তিন দিনের সংলাপে বসেছে ইসি, অংশ নিচ্ছে ৫১ দল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে দলগুলোর মতামত, পরামর্শ ও প্রত্যাশা জানতে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের আলোচনা শুরু হয়।

প্রথম দিনের সংলাপে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।

সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা থাকলেও দলগুলো পরবর্তী সময়ে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে।

তিন দিনের এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

ইসির সংলাপের শেষ পর্ব আগামী ১ ডিসেম্বর। সেদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।

এদিকে ইসির ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে ২১ জানুয়ারি প্রথম ধাপে এক হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ