ATN News
শিরোনাম
  •  

চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

         
চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারী এবং মেজ্জান হাইলে আইয়ুন নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এ আদেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

আদালত সূত্রে জানা যায়, বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারী এবং মেজ্জান হাইলে আইয়ুন প্রতিষ্ঠানে অভিযান ও পরিদর্শনকালে বিভিন্ন ধরনের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির অসঙ্গতি পাওয়া যায়। এর মধ্যে ছিল পচা চিজ ও পচা-বাসি সাবুর দানা সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ কেক রাখা, প্লাস্টিকের খাড়িতে ভাতের মাড় গালা এবং ময়লা কম্বলে মোড়ানো প্লাস্টিকের পাত্রে দই উৎপাদন।

এ ছাড়া রক্তমাখা মাংস সংরক্ষণের বিষয়টি পাওয়া যায়, যা প্রতিষ্ঠানপক্ষের দাবি অনুযায়ী কুকুরের খাবার হিসেবে রাখা হয়েছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিষয়টিও উঠে আসে। মেজ্জান হাইলে আইয়ুন প্রতিষ্ঠানে ইঁদুরের উপস্থিতি এবং ইঁদুরকে সবজি খেতে দেখা যায়।

বিচারিক কার্যক্রম চলাকালে মব সৃষ্টি করে আদালতের কার্যক্রমে অসহযোগিতার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

এসব অসঙ্গতির পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় বর্ণিত দণ্ডতফসিল অনুযায়ী ৩৩ ও ৪০ ধারার আওতায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক মাসের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের মানোন্নয়নসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বারকোড ফুড জাংশনে কিছু তাৎক্ষণিকভাবে সংশোধনযোগ্য অসঙ্গতি পাওয়া গেলেও প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

এ কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, এসআরবি-৭, সিএমপি চট্টগ্রাম এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল সার্বিক সমন্বয় ও সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ