ATN News
শিরোনাম
  •  

নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী বলল ইসরায়েলি আরব দল

         
নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী বলল ইসরায়েলি আরব দল

নেতানিয়াহুবিরোধী জোটে যোগ দিতে হামাসকে সন্ত্রাসী বলল ইসরায়েলি আরব দল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটের সঙ্গে সমঝোতার পথে এগিয়েছে ইসরায়েলি আরব রাজনৈতিক দল রা’আম। এ লক্ষ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার অবস্থান নিয়েছে দলটি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ইসরায়েলের চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে রা’আমের প্রধান মনসুর আব্বাস জানান, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে পার্লামেন্টে উত্থাপিত একটি বিলে দলটি সহ-উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছে। তিনি নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মনসুর আব্বাস সরাসরি সাক্ষাৎকারে হামাসকে সন্ত্রাসী ঘোষণা না করলেও বিলটির পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে দলটির পক্ষ থেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এ পদক্ষেপের ফলে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে রা’আমের যোগ দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটি বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

মনসুর সাক্ষাৎকারে বলেন, আইজেনকোট তার জোটে যোগ দেওয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছেন, তারা সেগুলো পূরণ করেছেন। শর্তগুলো হলো— ইসরায়েলকে ইহুদি এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাকে সম্মান জানানো, সব ইসরায়েলির সামরিক বাহিনীতে বাধ্যতামূলক কাজ করায় সমর্থন জানানো এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইজেনকোটের কাছে সরকার গঠনের জন্য আর ৮দিন সময় আছে। আর তিনি এই সময়ের মধ্যেই সরকার গঠন করতে চান।

এজন্য নিজ জোটের ৪৮টি আসনের পাশাপাশি হারেদি ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি, আরব রা’আম পার্টির আসনগুলো নেবেন তিনি। অপরদিকে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট তার জন্য নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা তাকে সরকার গঠনে সমর্থন দেবে। কিন্তু সরাসরি সরকারে যোগ দেবে না। এছাড়া আইজেনকোটের সরকারের যেন পতন না হয় সেটিও নিশ্চিত করবে।

সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ