ATN News
শিরোনাম
  •  

নাশকতার পরিকল্পনার অভিযোগে মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক ডিবির হাতে আটক

         
নাশকতার পরিকল্পনার অভিযোগে মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক ডিবির হাতে আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক ডিবির হাতে আটক

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ডিবির অভিযানে তাদের আটক করা হয়। ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী এবং তার দুই শ্যালক। তবে তাদের নাম, কোথায় থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এ ছাড়া তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। অন্যদিকে, তার স্বামী মনিরুল ইসলামকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দপ্তরে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। ওই সময় বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রেখে বিক্ষোভ করলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন এবং পুলিশি পাহারায় সচিবালয়ের বাইরে পাঠিয়ে দেন। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি এবং ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে। দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

তবে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটকের বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এবং আটক ব্যক্তিদের পরিচয় ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ