ATN News
শিরোনাম
  •  

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল

         
বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, বোতলজাত তেল ২০৭ টাকা ও খোলা তেল ১৮৮ টাকা। খোলা পাম তেলের দাম ১৬৬ টাকাই থাকছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।

আসন্ন রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা।

এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ