ATN News
শিরোনাম
  •  

পোল্ট্রি খাতে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

         
পোল্ট্রি খাতে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

পোল্ট্রি খাতে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে দুই লাখের বেশি পোল্ট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, পোল্ট্রি খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের মধ্যে ৪০ শতাংশ নারী। এ ছাড়া দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এসব খামার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।

তিনি বলেন, খামারিদের দোরগোড়ায় পশুর চিকিৎসা ও রোগ প্রতিরোধের সেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বাধা রোগবালাই। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুচিকিৎসায় ব্যবহারের জন্য ১৭ ধরনের রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

তারেক রহমান বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পণ্যকে শিল্পে রূপান্তর করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে আসে। তাই মেধাবী জাতি গঠনে প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো জরুরি।

প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। এ ছাড়া চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের বাজার সম্প্রসারণেরও সম্ভাবনা রয়েছে।

এ খাতের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ নিয়ন্ত্রণ ও মানসম্মত খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা, গবেষণা এবং খামারিদের প্রশিক্ষণ জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

পোষা প্রাণী ও পাখি পালনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে। এটি অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে। পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। পশুপাখির প্রতি মানবিক আচরণ করা সবার দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি দেশের খামারিরা। তাঁদের মেধা, পরিশ্রম ও উদ্যোগের ফলেই এ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

বিশ্ববাজারে দেশীয় প্রাণিজ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ