ATN News
শিরোনাম
  •  

কিশোর সন্তানের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন

         
কিশোর সন্তানের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন

কিশোর সন্তানের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন

কিশোর বয়সে সন্তানের আচরণ ও আবেগে নানা পরিবর্তন আসে। এ সময় বাবা-মায়ের কথা ও আচরণ তার মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, কিশোরদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে শুধু কী বলা হচ্ছে, তা নয়; বরং কীভাবে এবং কোন সময়ে বলা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। কিছু মন্তব্য তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং বাবা-মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। তাই সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

১. অন্যের সঙ্গে তুলনা করবেন না

‘তুমি তোমার কাজিনের মতো হতে পারো না?’ কিংবা ‘অমুকের ছেলে কত ভালো’-এ ধরনের কথা কিশোরদের মনে হীনম্মন্যতা তৈরি করতে পারে। ভাইবোন, বন্ধু বা অন্য কারও সঙ্গে তুলনা করলে সন্তানের আত্মবিশ্বাস কমে যেতে পারে।

কৈশোরে পড়াশোনা, চেহারা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে এমনিতেই নানা দুশ্চিন্তা থাকে। তাই অন্যের সঙ্গে তুলনা না করে তার নিজের অগ্রগতির প্রশংসা করুন। ছোট ছোট সাফল্যকেও গুরুত্ব দিন এবং ভালো কাজের জন্য উৎসাহিত করুন।

২. আবেগ প্রকাশে বাধা দেবেন না

‘ছেলেরা কাঁদে না’, ‘এত দুর্বল হলে চলবে?’-এ ধরনের মন্তব্য সন্তানের আবেগ প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে সে নিজের কষ্ট, ভয় কিংবা দুশ্চিন্তার কথা গোপন করতে শিখতে পারে।

দুঃখ, ভয় ও মানসিক চাপ মানুষের স্বাভাবিক অনুভূতি। তাই সন্তান মনের কথা বলতে চাইলে তাকে মনোযোগ দিয়ে শুনুন। উপহাস না করে তার অনুভূতিকে গুরুত্ব দিন। প্রয়োজনে তাকে মানসিক সমর্থন দিন।

৩. বন্ধুত্ব ও ভালো লাগাকে তুচ্ছ করবেন না

কৈশোরে বন্ধুত্ব ও প্রথম ভালো লাগার অনুভূতি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সন্তানের বন্ধুদের নিয়ে উপহাস করা কিংবা তার ব্যক্তিগত অনুভূতি অন্যদের সামনে প্রকাশ করা তাকে বিব্রত করতে পারে।

বন্ধুদের বিষয়ে উদ্বেগ থাকলে সরাসরি সমালোচনা না করে খোলামেলা আলোচনা করুন। তার বন্ধুদের সম্পর্কে জানার আগ্রহ দেখান এবং ব্যক্তিগত কথার গোপনীয়তা রক্ষা করুন। এতে বাবা-মায়ের প্রতি সন্তানের বিশ্বাস বজায় থাকে।

৪. পুরোনো ভুল বারবার মনে করিয়ে দেবেন না

পরীক্ষায় খারাপ ফল, খেলায় পরাজয় কিংবা অতীতের কোনো ভুল নিয়ে বারবার কথা বলা সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। বিশেষ করে ঝগড়ার সময় পুরোনো ব্যর্থতার প্রসঙ্গ টেনে আনলে সে নিজেকে সব সময় ব্যর্থ হিসেবে ভাবতে পারে।

ভুল হলে কোথায় সমস্যা হয়েছে, তা বুঝতে সাহায্য করুন। কীভাবে পরবর্তী সময়ে ভালো করা যায়, সে বিষয়ে আলোচনা করুন। এরপর পুরোনো বিষয় নিয়ে বারবার কথা না বলে তাকে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।

৫. তার মতামতকে অবহেলা করবেন না

কিশোর বয়সে সন্তান নিজের সিদ্ধান্ত ও মতামতকে গুরুত্ব দিতে শেখে। এ সময় তার কথা না শুনে সবকিছু চাপিয়ে দেওয়া কিংবা ‘তুমি কিছুই বোঝো না’ বলে উড়িয়ে দেওয়া তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

সন্তানের মতামত মনোযোগ দিয়ে শুনুন। কোনো বিষয়ে দ্বিমত থাকলে রাগ না করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলুন। বয়স অনুযায়ী তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন এবং ভুল করলে তা থেকে শেখার পরিবেশ তৈরি করুন।

কৈশোরে সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক সম্মান জরুরি। বকাঝকা বা তুলনার পরিবর্তে তার কথা শোনা এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়াই পারে বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব কমাতে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট লাইফস্টাইল সংবাদ


অন্যান্য সংবাদ