ATN News
শিরোনাম
  •  

লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় আসামি গ্রেপ্তার

         
লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় আসামি গ্রেপ্তার

লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় আসামি গ্রেপ্তার

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের কোতোয়ালী থানার গিলাতলী এলাকার বাসিন্দা।

সিআইডি জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা।

অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৩৬ এবং জিআর নম্বর ৭৫০/২০২১। এতে দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ