ATN News
শিরোনাম
  •  

দক্ষিণ আফ্রিকার দুই শহরে সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস বিমানমন্ত্রীর

         
দক্ষিণ আফ্রিকার দুই শহরে সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস বিমানমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকার দুই শহরে সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস বিমানমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের সঙ্গে বৈঠকে জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালু এবং পর্যটন সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করা হয়।

জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ব্যাপক সম্ভাবনা রাখে। দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।

সাক্ষাৎকালে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ