ATN News
শিরোনাম
  •  

বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র: শিক্ষামন্ত্রী

         
বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ প্রজন্ম গড়ে তোলাও সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা ও গবেষণার উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদেরও বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা ও রোবোটিকসের মতো আধুনিক প্রযুক্তি খাতে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ