ATN News
শিরোনাম
  •  

এলডিসির পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

         
এলডিসির পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

এলডিসির পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এসব খাতে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের আগ্রহ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আম রপ্তানির অনুমোদনের জন্য চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের সুযোগ-সুবিধা এবং সরকারের বিনিয়োগ প্রণোদনা তুলে ধরা হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) স্বাক্ষরিত হয়। এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ