ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

         
গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এক স্থান থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হলেও অন্য স্থানে গিয়ে তারা আবারও সড়ক অবরোধ করছেন। এ ঘটনায় মহাসড়ক ২টিতে যানচলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা গেছে, বুধবার সকালে নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এদিকে শ্রমিক অসন্তোষ ও চলমান পরিস্থিতির কারণে জেলার ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুই মহাসড়কে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

তবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট কারণ এবং দাবি-দাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ