ATN News
শিরোনাম
  •  

রংপুরে একই পরিবারের চার হত্যা, চার্জশিট দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর

         
রংপুরে একই পরিবারের চার হত্যা, চার্জশিট দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর

রংপুরে একই পরিবারের চার হত্যা, চার্জশিট দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা মামলায় ৩০ নভেম্বরের মধ্যে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে ডিবি। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলের আলামতে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

তিনি আরও জানান, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের পরিকল্পনা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

জিন্নাত আলী জানান, শুধু ডিএনএ পরীক্ষার প্রতিবেদন নয়, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করেই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিশ্চিত হতে তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাঁদের ধারণা ছিল।

এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন তাঁরা। পরে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা-পুলিশ মামলাটির তদন্ত শুরু করলেও ২৪ আগস্ট তদন্তের দায়িত্ব নেয় রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক জিন্নাত আলী।

এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

তবে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় শুধু দুই আসামির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনতে হবে। এ দাবিতে স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ