ATN News
শিরোনাম
  •  

প্রথম দেখার দিনটি স্মরণীয় রাখতে যা করবেন

         
প্রথম দেখার দিনটি স্মরণীয় রাখতে  যা করবেন

প্রথম দেখার দিনটি স্মরণীয় রাখতে যা করবেন

প্রথমবার পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে উত্তেজনা ও দুশ্চিন্তা কাজ করলেও আন্তরিকতা, সুন্দর ব্যবহার ও স্বাভাবিক আচরণেই মুহূর্তটি স্মরণীয় করে তোলা সম্ভব।

মানুষ সাধারণত মনে রাখে, অন্য কারও সঙ্গে সময় কাটিয়ে সে কেমন অনুভব করেছে। তার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়েছে কি না, সে স্বাচ্ছন্দ্য বোধ করেছে কি না কিংবা সময় কাটানোর পর তার মন ভালো হয়েছে কি না—এসব বিষয় প্রথম দেখার অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রথম সাক্ষাৎ সুন্দর ও স্মরণীয় করতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন।

প্রথম দেখার আলোচনা যেন চাকরির সাক্ষাৎকারের মতো না হয়। বরং স্বাভাবিক ও সাবলীল কথোপকথনের পরিবেশ তৈরি করুন। ভ্রমণ, খাবার, কাজ, পারিবারিক ঐতিহ্য কিংবা সঙ্গীর পছন্দের বিষয় নিয়ে কথা বলতে পারেন।

এমন প্রশ্ন করুন, যার উত্তরে তিনি নিজের অভিজ্ঞতা ও অনুভূতি বিস্তারিতভাবে প্রকাশ করতে পারেন। পাশাপাশি নিজের সম্পর্কেও কিছু তথ্য শেয়ার করুন, যাতে কথোপকথন একতরফা না হয়। প্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে তাঁর প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করুন। প্রথম দেখাতেই অতীত সম্পর্ক কিংবা আর্থিক জটিলতার মতো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলাই ভালো।

প্রথম দেখায় সুন্দর সময় কাটানোর জন্য একে অপরকে যথেষ্ট মনোযোগ দেওয়া জরুরি। তাই ফোনের ব্যবহার কমিয়ে সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং স্বাভাবিকভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলুন।

কথা বলার সময় তাঁর হাসি, আনন্দ কিংবা কোনো বিষয়ে আগ্রহের বিষয়গুলো খেয়াল করুন। এতে তিনি বুঝতে পারবেন, তাঁর কথা ও অনুভূতিকে আপনি গুরুত্ব দিচ্ছেন। নিজের উপস্থাপনা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমান মুহূর্ত উপভোগ করার চেষ্টা করুন।

প্রথম দেখার জন্য ব্যয়বহুল কোনো জায়গা বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং এমন স্থান নির্বাচন করুন, যেখানে দুজনেই স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন এবং শান্ত পরিবেশে কথা বলতে পারবেন।

শান্ত কোনো ক্যাফে, নিরিবিলি পথে হাঁটা, বইয়ের দোকান, পছন্দের খাবারের রেস্তোরাঁ কিংবা ছোট আর্ট গ্যালারি হতে পারে ভালো বিকল্প। সঙ্গী আগে কোনো বিশেষ খাবার বা জায়গার প্রতি আগ্রহের কথা জানিয়ে থাকলে সেটি বিবেচনায় রাখতে পারেন। প্রথমবার দেখা করার ক্ষেত্রে জনসমাগম রয়েছে, এমন নিরাপদ ও পরিচিত স্থান বেছে নেওয়াও ভালো।

প্রথম দেখায় আপনার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় ছোট ছোট আচরণের মধ্য দিয়ে। তাই নির্ধারিত সময়ে পৌঁছানোর চেষ্টা করুন। কোনো কারণে দেরি হলে আগে থেকেই জানিয়ে দিন।

সঙ্গীর পছন্দ ও স্বাচ্ছন্দ্যের বিষয়গুলোকে গুরুত্ব দিন। তিনি কী খেতে বা পান করতে চান, তা জিজ্ঞেস করুন। রেস্তোরাঁর কর্মী, চালক কিংবা অন্যদের সঙ্গেও সম্মানজনক আচরণ করুন। সঙ্গী চাইলে তাঁকে নিরাপদে যানবাহন পর্যন্ত পৌঁছে দিতে পারেন। এ ধরনের ছোট ছোট কাজ আপনার প্রতি তাঁর ইতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করবে।

প্রথম দেখায় নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা অনেকের মধ্যেই থাকে। তবে কৃত্রিম আচরণের পরিবর্তে নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব তুলে ধরাই ভালো। নিজের পছন্দ, অভ্যাস, রসবোধ ও চিন্তাভাবনা সম্পর্কে সৎ থাকুন। একইভাবে সঙ্গীকেও নিজের মতো করে কথা বলার সুযোগ দিন।

কিছুটা নার্ভাস অনুভব করলে সেটি স্বাভাবিকভাবেই প্রকাশ করতে পারেন। এতে পরিবেশ আরও সহজ ও স্বচ্ছন্দ হতে পারে। দুজনের মধ্যে প্রত্যাশিত বোঝাপড়া বা আকর্ষণ তৈরি না হলেও সম্মানজনক আচরণ বজায় রাখুন। বিদায়ের সময় আন্তরিকভাবে শুভেচ্ছা জানানো এবং পরে সৌজন্যমূলক একটি বার্তা পাঠানো ভালো অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখতে সাহায্য করতে পারে।

সবশেষে মনে রাখবেন, প্রথম দেখাকে স্মরণীয় করে তোলার জন্য দামি উপহার কিংবা বড় আয়োজনের চেয়ে আন্তরিকতা, পারস্পরিক সম্মান ও সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট লাইফস্টাইল সংবাদ


অন্যান্য সংবাদ