ATN News
শিরোনাম
  •  

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জরিপের তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

         
ডায়াবেটিস নিয়ন্ত্রণে জরিপের তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জরিপের তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ডায়াবেটিসের প্রকৃত চিত্র জানতে জাতীয় জরিপ ও স্ক্রিনিং চালুর পাশাপাশি ওষুধের বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া ‘ধারা নিউজ’ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক এ আলোচনায় দেশের ডায়াবেটিস পরিস্থিতি ও প্রতিরোধের বিভিন্ন দিক উঠে আসে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে। আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। এ ছাড়া মাত্র ২০ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। বাকি ৮০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে অথবা তাঁরা চিকিৎসার আওতায় নেই।

তিনি আরও বলেন, দেশে প্রতি বছর ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৩১ হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অকালে মারা যান। এই বয়সসীমার মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশের জন্য দায়ী এ রোগ। অথচ ডায়াবেটিসের প্রকৃত চিত্র এবং এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে পূর্ণাঙ্গ জাতীয় জরিপ নেই। তাই বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জরিপের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে স্বাস্থ্যনীতি নির্ধারণ করা জরুরি।

উপজেলা পর্যায়ে অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব কেন্দ্রে ওষুধের বরাদ্দ বর্তমানের ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা করা প্রয়োজন।

সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চায় সরকার। এ লক্ষ্যে খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি এবং সুস্থ জীবনধারার চর্চায় প্রধানমন্ত্রী উৎসাহ দিচ্ছেন। ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।

আগামী কর্মপরিকল্পনা সম্পর্কে ড. এম এ মুহিত জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নারীস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসার জন্য বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ