ATN News
শিরোনাম
  •  

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করল স্পেন

         
ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করল স্পেন

ফিজিকে ১৫ গোলে বিধ্বস্ত করল স্পেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিজির জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে স্পেন। মরক্কোর কাছে ৬-০ গোলে হারের পর এবার স্পেনের বিপক্ষে ১৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ফিজি। টানা দুই ম্যাচে তাদের জালে বল ঢুকেছে ২১ বার।

কাতারে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। প্রথমার্ধেই ৯ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। বিরতির পর আরও ছয়বার ফিজির জালে বল পাঠায় স্প্যানিশ যুবারা।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেছেন রাফা ক্রুজ, রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো। মাত্র ২১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন ক্রুজ। শেষ পর্যন্ত একাই পাঁচ গোল করেন তিনি। অন্যদিকে, থমাস ও ত্রুজিলানো পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এ ছাড়া মার্কো কোম্পানি, বদলি খেলোয়াড় ইয়েরেমিয়া রামোস ও জর্জ ডোমিঙ্গেজ লিতুবা দুটি করে গোল করেন।

এই জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে স্পেন। এর আগে ১৯৯৭ সালে নিউজিল্যান্ডকে ১৩-০ গোলে হারিয়েছিল তারা। তবে প্রতিযোগিতার সর্বোচ্চ জয়ের রেকর্ড ছোঁয়া হয়নি স্পেনের। গত বছর নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ১৬-০ গোলে জিতে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছে মরক্কো।

অন্যদিকে, বিশ্বমঞ্চে টানা দ্বিতীয়বার খেলতে নেমে কঠিন সময় পার করছে ফিজি। গত আসরে তিউনিসিয়া, বেলজিয়াম ও আর্জেন্টিনার কাছে যথাক্রমে ৬, ৭ ও ৭ গোল হজম করেছিল তারা। এবার প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের কাছ থেকে ২১ গোল হজম করেছে দলটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেও গোলের দেখা পায়নি ফিজি। বিপরীতে তাদের জালে বল ঢুকেছে ৪১ বার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ