ATN News
শিরোনাম
  •  

ভাড়ায় অস্ত্র সরবরাহ, ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

         
ভাড়ায় অস্ত্র সরবরাহ, ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

ভাড়ায় অস্ত্র সরবরাহ, ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ভাড়ায় অস্ত্র সরবরাহের অভিযোগে ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গত ২৩ নভেম্বর বিকেলে পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ফোর স্টার গ্রুপের মশিউর চক্রের সদস্য শেখ ওসমান গনি সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রুপটির আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রুপটির সদস্যরা পল্লবী, মিরপুর, শাহ আলী, কাফরুলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তারের জন্য তাঁরা অস্ত্র নিয়ে মহড়া দিতেন এবং সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন।

এসআরবি-৪-এর অধিনায়ক আরও বলেন, গ্রুপটির সদস্যরা বিভিন্ন অপরাধীর কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন। এসব অস্ত্র ব্যবহার করে খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ সংঘটিত হতো।

অভিযানে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি খেলনা পিস্তল, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, ৩০টি ইয়াবা এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ