ATN News
শিরোনাম
  •  

পঞ্চগড়ে ঘন কুয়াশার দাপট, সকালে তাপমাত্রা ১৪ ডিগ্রি

         
পঞ্চগড়ে ঘন কুয়াশার দাপট, সকালে তাপমাত্রা ১৪ ডিগ্রি

পঞ্চগড়ে ঘন কুয়াশার দাপট, সকালে তাপমাত্রা ১৪ ডিগ্রি

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।

মঙ্গলবার ভোর থেকেই জেলার বিভিন্ন সড়ক ও জনপদ ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরে পরিস্থিতি আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কর্মস্থলে যাওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ে।

চাকলাহাট এলাকার বাসিন্দ বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখা যায়। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো বোঝা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

আরেক বাসিন্দা বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট স্পষ্ট দেখা যায় না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ