ATN News
শিরোনাম
  •  

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক মতবিরোধ, পরবর্তী বৈঠকের অপেক্ষা

         
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক মতবিরোধ, পরবর্তী বৈঠকের অপেক্ষা

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক মতবিরোধ, পরবর্তী বৈঠকের অপেক্ষা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব জমা দিলেও তা শ্রমিক প্রতিনিধিদের কাছে গ্রহণযোগ্য হয়নি। বোর্ড সূত্রে জানা গেছে, মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের আগের দাবি ছিল ৩২ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার পর উভয় পক্ষের মধ্যে আলোচনা ও যুক্তি-পাল্টা যুক্তি হয়।

সভা শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা এবং সংশোধনের সুযোগ রয়েছে।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি ১৫ হাজার ৩০০ টাকা। এর আগে ১৪ হাজার ৩০০ টাকার প্রস্তাব দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, প্রস্তাবিত অঙ্ক ১৪ হাজার ৩০০ টাকার বেশি।

মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করে শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বলেন, দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান অনেক। মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।

তিনি জানান, উভয় পক্ষই নতুন করে সংশোধিত প্রস্তাব জমা দেবে। শ্রমিকপক্ষও তাদের দাবির বিষয়ে নতুন প্রস্তাব তৈরির কাজ করছে।

বাবুল আক্তার মনে করেন, ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকতে পারে।

এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানিয়েছেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। দ্রুত নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চতুর্থ বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হতে পারে। এমনকি মঙ্গলবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

বাংলাদেশে আশির দশকে বিকাশ লাভ করা তৈরি পোশাক শিল্প নব্বইয়ের দশকের শুরুতে এসে প্রধান রপ্তানি খাত হয়ে ওঠে। তখন এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ছিল ৬২৭ টাকা।

এরপর ১৯৯৪ সালে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।

এরপর প্রায় একযুগ পর ২০০৬ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়।

চার বছর পরে ২০১০ সালে সর্বনিম্ন গ্রেডের মজুরি বাড়িয়ে তিন হাজার, ২০১৩ সালে পাঁচ হাজার তিনশো টাকা এবং ২০১৮ সালে আট হাজার টাকা নির্ধারণ করা হয়।

সবশেষ ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়।

এভাবে তিন দশকের বেশি সময়ে পোশাক খাতের সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৬২৭ টাকা থেকে বেড়ে সাড়ে ১২ হাজার টাকায় পৌঁছেছে।

এদিকে, গার্মেন্টস-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার বলেন, ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ, সরকারের দমন-পীড়ণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কাম্য নয়।

মালিকপক্ষ যাতে শ্রমিকদের বেঁচে থাকার মতো একটি মজুরি প্রস্তাব করে সে বিষয়ে আহ্বান জানান তিনি।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার বলেন, ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এবং সরকারের দমন-পীড়নের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কাম্য নয়।

তিনি মালিকপক্ষের প্রতি শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী মজুরি প্রস্তাব করার আহ্বান জানান। পাশাপাশি দ্রুত কারখানা খুলে দিয়ে শ্রমিকদের উৎপাদন কাজে ফিরিয়ে আনার মাধ্যমে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

মালিকপক্ষের ১৫ হাজার ৩০০ টাকার প্রস্তাব এবং শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার দাবির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। দুই পক্ষের সংশোধিত প্রস্তাব ও মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ