ATN News
শিরোনাম
  •  

এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান

         
এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান

এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান

ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক সমস্যা সমাধান, নিরাপত্তা নিশ্চিত ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াতে নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ পরিচালনা কমিটি, বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা, ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

গত রোববার (২২ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এলাকার নাগরিক সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যেই ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যা নাগরিক কমিটিতে জানাতে পারবেন। এসব কমিটিতে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি থাকবেন। এর মাধ্যমে জনগণের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সরকার, এলাকা ও দেশের জন্য ক্ষতিকর।

মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী এখনো মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাঁদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু অভিযোগ বা আলোচনা নয়, অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তাঁকে বা তাঁর কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং নাগরিকদের ভোগান্তি কমবে। এর ফলে ঢাকা-১৩ আসনকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসআরবির প্রতিনিধি এবং মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা-১৩ আসনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ