ATN News
শিরোনাম
  •  

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় জোর দিলেন রাষ্ট্রপতি

         
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় জোর দিলেন রাষ্ট্রপতি

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় জোর দিলেন রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের বছরব্যাপী কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, এ কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ