ATN News
শিরোনাম
  •  

রূপপুরে দ্বিতীয় দফায় বিদ্যুৎ উৎপাদন শুরু

         
রূপপুরে দ্বিতীয় দফায় বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুরে দ্বিতীয় দফায় বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই দিন প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই দফায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম দফার গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারও গ্রিড সংযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় দফার পরীক্ষায় কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হতে পারে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিট সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, আগামী গ্রীষ্মের আগেই অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের চেষ্টা চলছে। এ পর্যায়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, গ্রিড সংযোগ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। তবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও কেন্দ্রটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যায়নি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম পূর্ণ সক্ষমতার দিকে আরও এক ধাপ এগোল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ