ATN News
শিরোনাম
  •  

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, ফিরল আগের সূচি

         
ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, ফিরল আগের সূচি

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, ফিরল আগের সূচি

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে, গত ১৭ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ আদেশটি স্থগিত করেন।

এদিকে, একই রিটের শুনানিতে হাইকোর্ট জানতে চেয়েছিলেন, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না। এ বিষয়ে আদালত রুল জারি করেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। তাদের ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজন এবং ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

তবে ইউজিসির ওই বৈঠকের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের আদেশের ফলে হাইকোর্টের দেওয়া ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশনা আপাতত কার্যকর থাকছে না। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ