ATN News
শিরোনাম
  •  

বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

         
বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি হত্যা মামলা বলে জানা গেছে। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও ছিল তার নাম। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তী সময়ে রাজধানীর বিভিন্ন হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে আলোচনায় আসেন তিনি।

একপর্যায়ে তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়। এরপর থেকেই তিনি সুইডেন আসলাম নামে পরিচিতি পান।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নব্বইয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। মুক্তির প্রায় দুই বছর পর এবার থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ