ATN News
শিরোনাম
  •  

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ভয়াবহ ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

         
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ভয়াবহ ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ভয়াবহ ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী বেনগাজির উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর সেটির অধিকাংশ অংশ ডুবে গেছে। হামলায় বেশ কয়েকজন রুশ ও লিবীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (গতকাল) ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজটিতে এ হামলা চালানো হয়। জাহাজটি একটি নৌঘাঁটির কাছাকাছি অবস্থান করছিল।

বন্দরসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী আকাশযানও জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশটি পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামো থেকে ধোঁয়া উঠতে এবং জেটির আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য বন্দরে অবস্থান করছিল।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রোববার গভীর রাতে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে হামলার বিষয়ে ইউক্রেনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে একই দিন, অর্থাৎ রোববার সন্ধ্যায় বেনগাজি’র বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, “বেনগাজি উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।”

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

পরপর এসব হামলার ঘটনায় লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ