ATN News
শিরোনাম
  •  

সরকারি ছাদে সৌরবিদ্যুৎ: বিনিয়োগ করবে বেসরকারি খাত, ১৫ বছর পর মালিকানা পাবে সরকার

         
সরকারি ছাদে সৌরবিদ্যুৎ: বিনিয়োগ করবে বেসরকারি খাত, ১৫ বছর পর মালিকানা পাবে সরকার

সরকারি ছাদে সৌরবিদ্যুৎ: বিনিয়োগ করবে বেসরকারি খাত, ১৫ বছর পর মালিকানা পাবে সরকার

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রির মূল্য, চুক্তির মেয়াদ ও অন্যান্য শর্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানকে কোনো বিনিয়োগ করতে হবে না। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আর বাকি বিদ্যুৎ বিক্রি করে বিনিয়োগের অর্থ তুলে নেবেন বেসরকারি উদ্যোক্তারা।

বিদ্যুৎ বিভাগের ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এ প্রকল্পে উদ্যোক্তাদের সঙ্গে ১৫ বছরের চুক্তি করা হবে। চুক্তির মেয়াদ শেষে সৌরবিদ্যুৎকেন্দ্রটি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সারা দেশে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করেছে বিদ্যুৎ বিভাগ।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যোগ্য প্রকল্পের উদ্বৃত্ত বিদ্যুৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে।

এর আগে ১৯ অক্টোবর বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়। এর আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনসহ উপযুক্ত স্থাপনায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

প্রজ্ঞাপনে পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) এবং মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স)—দুই ধরনের মডেলে প্রকল্প বাস্তবায়নের বিধান রাখা হয়েছে।

ওপেক্স মডেলে বেসরকারি উদ্যোক্তাই সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবেন। সরকারি প্রতিষ্ঠান শুধু ভবনের ছাদ ব্যবহারের সুযোগ দেবে। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে প্রতিষ্ঠানটি। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রচলিত খুচরা মূল্যের চেয়ে ২০ শতাংশ কম দামে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকবে।

সাধারণ সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ১৩ টাকা ৮২ পয়সা। ২০ শতাংশ ছাড়ের পর তা দাঁড়াবে প্রায় ১১ টাকা ৬ পয়সা। বড় সরকারি দপ্তর বা কমপ্লেক্সের ক্ষেত্রে খুচরা মূল্য ১২ টাকা ৫৪ পয়সা ধরে ছাড়ের পর প্রতি ইউনিটের দাম হবে প্রায় ১০ টাকা ৩ পয়সা।

তবে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের এলটি-ডি১ শ্রেণির গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা হারে বিল নির্ধারণের বিশেষ বিধান রাখা হয়েছে।

চুক্তি অনুযায়ী, সৌরবিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে ১৫ বছর পর্যন্ত এর মালিকানা ও পরিচালনার দায়িত্ব থাকবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে। চুক্তির মেয়াদ শেষ হলে কেন্দ্রটি সংশ্লিষ্ট ছাদমালিকের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে চুক্তি নবায়নের সুযোগ থাকবে।

উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। যেসব প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ অংশ বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধানও শিথিল করা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রের আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি।

সরকারি প্রতিষ্ঠান নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে নেট রপ্তানিকৃত বিদ্যুতের ১০ শতাংশ বিতরণ সংস্থা কর্তন করবে। বাকি ৯০ শতাংশ বিদ্যুৎ উদ্যোক্তার হিসাবে যুক্ত হবে। প্রতি তিন মাস পরপর বিতরণ সংস্থা উদ্যোক্তাকে বিল পরিশোধ করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। এ সময়ে সৌরবিদ্যুৎকেন্দ্রের মালিকানা ও পরিচালনার দায়িত্ব বিনিয়োগকারীর কাছে থাকবে। মেয়াদ শেষে কেন্দ্রটি ছাদমালিকের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে চুক্তি নবায়ন করা যাবে।

উদ্যোক্তা নির্বাচনে কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। যে প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ অংশ বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধান শিথিল করা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রের আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি।

উৎপাদিত বিদ্যুৎ ছাদমালিক ব্যবহারের পর অতিরিক্ত অংশ নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে নেট রপ্তানিকৃত বিদ্যুতের ১০ শতাংশ বিতরণ সংস্থা কর্তন করবে। অবশিষ্ট ৯০ শতাংশ হিসাবভুক্ত হবে। বিতরণ সংস্থা তিন মাস পরপর উদ্যোক্তাকে বিল পরিশোধ করবে।

২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যোগ্য প্রকল্পগুলো ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেট রপ্তানিকৃত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবে। এরপর সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।

বিদ্যুৎ বিভাগের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সময়ে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।

কৌশলপত্র অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুতের সক্ষমতা প্রায় ২ হাজার মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জন করতে প্রায় ১২ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট সক্ষমতা প্রয়োজন হবে। অর্থাৎ আরও প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট সক্ষমতা যুক্ত করতে হবে।

৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তুলতে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। সে হিসাবে প্রতি মেগাওয়াটে গড় বিনিয়োগ প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে উদ্যোক্তাদের অর্থায়নে সরকারের ঘোষিত প্রাথমিক তহবিল ১ হাজার ৫০০ কোটি টাকা, যা সম্ভাব্য মোট বিনিয়োগের মাত্র ৬ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা, ভবনের কাঠামোগত সক্ষমতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। ধুলাবালির কারণে সৌর প্যানেলের উৎপাদন দক্ষতা কমার ঝুঁকিও রয়েছে। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি ও প্রণোদনার কারণে সরকারের ভবিষ্যৎ আর্থিক দায় কতটা হবে, সেটিও মূল্যায়ন করা জরুরি। পাশাপাশি সরকারি ক্রয়বিধিতে ছাড় দেওয়ায় উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা বাস্তবে যুক্ত হয়, সেটিই হবে উদ্যোগটির সফলতার প্রধান পরীক্ষা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ