ATN News
শিরোনাম
  •  

এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রামে গ্রেপ্তার ৩

         
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রামে গ্রেপ্তার ৩

এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রামে গ্রেপ্তার ৩

এসএসসির ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রামে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ের নম্বর পরিবর্তনের অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)। এ সময় জালিয়াতিতে ব্যবহৃত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ ৪৮০ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল তৈরি ও প্রকাশের সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়। তদন্তে ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্র, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে বড় ধরনের অসংগতি পাওয়া যায়। ১১টি বিষয়ে মূল মূল্যায়নের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিক বেশি নম্বর দেখানো হয়েছিল।

বিষয়ভিত্তিক হিসাবে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩ হলেও প্রকাশিত ফলাফলে দেখানো হয় ৩৩। বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ এবং গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেখানো হয়।

এ ছাড়া ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর উল্লেখ করা হয়।

পরবর্তীতে গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপের তথ্য এবং প্রকাশিত ফলাফল যাচাই করে জালিয়াতির প্রমাণ পায়। এরপর পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ থানায় মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ফলাফল তৈরির স্ক্যানিং ও সলভিংয়ের মতো গুরুত্বপূর্ণ কারিগরি কাজের দায়িত্বে থাকা কয়েকজনের জ্ঞাতসারে ও তত্ত্বাবধানে এ জালিয়াতি হয়ে থাকতে পারে। মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডি সংশ্লিষ্ট নথি, শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, কারিগরি তথ্য এবং অভিযুক্তদের ভূমিকা বিশ্লেষণ করছে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে জালিয়াতির সঙ্গে জড়িত অন্য সহযোগী এবং পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ফলাফল প্রস্তুত ও প্রকাশের কোন পর্যায়ে কীভাবে অনিয়ম করা হয়েছে, পাশাপাশি অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সিআইডি। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ