ATN News
শিরোনাম
  •  

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

         
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমুদ্রসীমার নিরাপত্তা এবং অপারেশনাল সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, প্রশিক্ষণ বিনিময় ও যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর)বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সহযোগিতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে ইতালির নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ বিনিময়ের বিষয়েও আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) ও মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে। আগামী বছর এ প্রশিক্ষণে ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে।

পাশাপাশি বাংলাদেশের কোস্ট গার্ড কর্মকর্তাদের জন্য ইতালিতে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার (এসএআর), জাহাজে তল্লাশি ও জব্দ কার্যক্রম (ভিবিএসএস), ড্রোন পরিচালনা এবং সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণের ওপর বিশেষ প্রশিক্ষণের সহযোগিতা চান তিনি।

জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক নিরাপত্তা, আকাশ ও মহাকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ