ATN News
শিরোনাম
  •  

গাড়িবহর থামিয়ে শিশুকে হাসপাতাল নিলেন হুইপ দুলু

         
গাড়িবহর থামিয়ে শিশুকে হাসপাতাল নিলেন হুইপ দুলু

গাড়িবহর থামিয়ে শিশুকে হাসপাতাল নিলেন হুইপ দুলু

নাটোরে পানিতে ডুবে যাওয়া তিন বছরের শিশুকে গাড়িবহর থামিয়ে হাসপাতালে নেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

জানা যায়, নিজের গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে গাড়ি থামান হুইপ দুলু। কাছে গিয়ে শিশুটির বাবা ও স্বজনদের আহাজারি দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা জানান, হুইপ দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তাদের বাড়ির সামনে গাড়ি থামান। এ সময় পানিতে পড়ে যাওয়া তার ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনি।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে গাড়ি থামান তিনি। শিশুটিকে জীবিত মনে হওয়ায় সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। দ্রুতগতিতে যাওয়ায় ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ