ATN News
শিরোনাম
  •  

বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

         
বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।

প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, আজীবন সদস্য রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, অ্যাকাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

এ সময় প্রতিনিধিদল পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণকাজের অগ্রগতিও তুলে ধরেন। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিতব্য এ ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা রাষ্ট্রপতিকে জানানো হয়।

প্রতিনিধিদল জানায়, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদের এগিয়ে নিতে কর্মমুখী ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা তৈরি করতে পারে না, তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।

সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ