ATN News
শিরোনাম
  •  

বিদেশে কর্মরতদের সন্তানদের শিক্ষাভাতা বাড়াল সরকার

         
বিদেশে কর্মরতদের সন্তানদের শিক্ষাভাতা বাড়াল সরকার

বিদেশি মিশনে সন্তানদের শিক্ষাভাতা বাড়াল সরকার

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অনুকূলে শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি গ্রুপে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৪ টাকা ধরে) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ভাতার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৭ লাখ ১২ হাজার টাকা (প্রজ্ঞাপনের হিসাব অনুযায়ী ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা)।

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিশনের অবস্থান ও শিক্ষাব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে চারটি গ্রুপে ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য রয়েছে পৃথক সীমা।

গ্রুপ ‘ক’: ১৫টি মিশন

এ গ্রুপের মিশনগুলোতে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা শিক্ষাভাতা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ গ্রুপে রয়েছে চীনের বেইজিং ও হংকং, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও, ইন্দোনেশিয়ার জাকার্তা, কাতারের দোহা, বেলজিয়ামের ব্রাসেলস, সুইজারল্যান্ডের জেনেভা, নেদারল্যান্ডসের হেগ, সুইডেনের স্টকহোম, পোল্যান্ডের ওয়ারশ, অস্ট্রিয়ার ভিয়েনা, ইতালির মিলান, ফ্রান্সের প্যারিস এবং রাশিয়ার মস্কোর বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘খ’: ৪১টি মিশন

এ গ্রুপে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক-উভয় পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুম।

এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশন এ গ্রুপের অন্তর্ভুক্ত। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনও রয়েছে এ তালিকায়।

গ্রুপ ‘গ’: ১৯টি মিশন

এ গ্রুপের মিশনগুলোতে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বা ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা শিক্ষাভাতা দেওয়া হবে।

এ তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনামের হ্যানয়, ফিলিপাইনের ম্যানিলা, ব্রুনাইয়ের বন্দরসেরি বেগাওয়ান, ভারতের চেন্নাই, মালদ্বীপের মালে, লেবাননের বৈরুত, বাহরাইনের মানামা, মিসরের কায়রো, ইরানের তেহরান, কেনিয়ার নাইরোবি, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, আলজেরিয়ার আলজিয়ার্স, লিবিয়ার ত্রিপোলি, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রিসের এথেন্স, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির বার্লিন এবং পর্তুগালের লিসবনের বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘ঘ’: ৯টি মিশন

এ গ্রুপে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার বা ২৫ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।

এ গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন। শিক্ষাভাতা প্রদানে যেসব শর্ত

প্রজ্ঞাপনে শিক্ষাভাতা ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে পরিশোধ করবে। তবে কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করা যাবে না।

একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ, দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্যই ভাতা পাওয়া যাবে।

শিক্ষাভাতার অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কিংবা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে হবে।

তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ফি একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে নিজের ১৫ শতাংশ অংশ মিশনের নির্ধারিত হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দিতে হবে। এসব শর্ত পূরণ হলে মিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ ফি পরিশোধ করতে পারবে।

এ ছাড়া যেসব অ-ইংরেজিভাষী দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিজ কর্মস্থলের বাইরে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করলে নিজ কর্মস্থলের মিশনের অনুমোদিত সীমা অনুযায়ী শিক্ষাভাতা পাবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ