ATN News
শিরোনাম
  •  

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃতি নিয়ে সংস্থার সতর্কবার্তা

         
ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃতি নিয়ে সংস্থার সতর্কবার্তা

ফায়ার সার্ভিসের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে সতর্কবার্তা

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করে তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি দুটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের সমর্থকদের প্রতিক্রিয়ায় নড়াইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক প্রতিনিধির বক্তব্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে কিছু সংবাদে বক্তব্য বিকৃত ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী, কোনো কোনো গণমাধ্যম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে। আবার কোনো ক্ষেত্রে কর্মকর্তার বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যা দিয়ে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হয়েছে। এসব সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট যাচাই করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।

সংস্থাটি মনে করে, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা কিংবা ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য প্রচার জনমনে আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এমনকি তা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিও তৈরি করতে পারে।

এ অবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করে কর্মকর্তাদের বক্তব্য ও সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত ও উদ্ধার অভিযানে নিয়োজিত সদস্যদের অপ্রয়োজনীয়ভাবে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ বা প্ররোচিত না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এতে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত জনবল ও সময়ের অপচয় হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে অবগত নন, এমন কর্মকর্তার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকাশিতব্য বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য দেওয়ার যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে সংস্থাটি বলেছে, তারা গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে। জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে সংস্থাটি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ