ATN News
শিরোনাম
  •  

নিউজিল্যান্ডে ভারতের রেকর্ড ৭২০ রান

         
নিউজিল্যান্ডে ভারতের রেকর্ড ৭২০ রান

নিউজিল্যান্ডে ভারতের রেকর্ড ৭২০ রান

নিউজিল্যান্ডের বিপক্ষে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে প্রথম ইনিংসে ৩৫২ রানের লিড পেয়েছে সফরকারীরা। ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল ও ঋষভ পান্ত।

ওয়েলিংটনে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৬৮ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিউই বোলারদের চাপে রাখেন ভারতীয় ব্যাটাররা। প্রায় সাড়ে চার রান করে ওভারপ্রতি তুলে দলীয় সংগ্রহ নিয়ে যান ৭২০-এ।

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৬৬০ রান। ১৯৯৫ সালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজ এই রান করেছিল। ৩১ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ভারত। এ ছাড়া কিউইদের নিজেদের মাঠে সর্বোচ্চ ইনিংস ছিল ৭১৫ রানের। সাত বছর আগে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে এই সংগ্রহ গড়েছিল তারা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত।

তবে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি নয়। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫৯ রান করেছিল দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের আরেকটি উল্লেখযোগ্য সংগ্রহ ৭২৬ রান।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড শ্রীলঙ্কার। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ৯৫২ রান করে ইনিংস ঘোষণা করেছিল তারা। এর আগে ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড করেছিল ৯০৩ রান। টেস্টে এক ইনিংসে ৮০০-এর বেশি রান করার কীর্তি রয়েছে চারটি দলের।

এক ইনিংসে ৭০০-এর বেশি রান করার ক্ষেত্রে শ্রীলঙ্কার রেকর্ড সবচেয়ে বেশি। দলটি সাতবার এই কীর্তি গড়েছে। পাঁচবার ৭০০ ছাড়ানো সংগ্রহ নিয়ে তালিকার পরের অবস্থানে রয়েছে ভারত।

এই ম্যাচে ভারতের ব্যাটারদের আরও একটি কীর্তি রয়েছে। প্রথম সাত ব্যাটারের প্রত্যেকেই করেছেন অন্তত অর্ধশতক। এক ইনিংসে আট ব্যাটারের পঞ্চাশোর্ধ রানের রেকর্ডও ভারতের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিল তারা। এ ছাড়া টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংসের প্রথম সাত উইকেটের প্রতিটি জুটিতে অন্তত ৫০ রান যোগ করেছে ভারত।

ব্যাট হাতে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ঋষভ পান্ত। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-এই চার দেশের মাটিতেই টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এর আগে লোকেশ রাহুলও এই তালিকায় নাম লিখিয়েছেন। এশিয়ার মোট নয়জন ক্রিকেটার এই কীর্তি অর্জন করেছেন।

টেস্টে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এটি পান্তের নবম সেঞ্চুরি। এই তালিকায় তার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (১৭) ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১২)।

৯৫ রানে থাকা অবস্থায় ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন পান্ত। একই সঙ্গে টেস্টে ছক্কার সংখ্যায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে গেছেন তিনি। পান্তের ছক্কার সংখ্যা এখন ১০৮, ম্যাককালামের ১০৭। এই সংস্করণে সর্বোচ্চ ১৩৮ ছক্কার রেকর্ড ইংল্যান্ডের বেন স্টোকসের।

ভারতের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন লোকেশ রাহুল। পান্তের ব্যাট থেকে আসে ১২৮ রান। এ ছাড়া অধিনায়ক শুভমান গিল ৯৮, যশস্বী জয়সওয়াল ৮৫, দেবদূত পাদিক্কাল ৮০ ও ধ্রুব জুরেল ৭৮ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন গ্লেন ফিলিপস। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও ১৫৪ রান খরচ করেন তিনি। টেস্টে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে ১০০ বা তার বেশি রান খরচ করা পঞ্চম নিউজিল্যান্ডের ক্রিকেটার তিনি।

অন্যদিকে বল হাতে সবচেয়ে বেশি খরচের বিব্রতকর রেকর্ড গড়েছেন পেসার জ্যাকব ডাফি। এক ইনিংসে তার খরচ ২০১ রান। টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ২২৯ রান খরচের রেকর্ড রয়েছে স্টিফেন বুকের।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ