ATN News
শিরোনাম
  •  

পতিত জমিতে পেঁপে চাষে সফল খালেক

         
পতিত জমিতে পেঁপে চাষে সফল খালেক

পতিত জমিতে পেঁপে চাষে সফল খালেক

দিনাজপুরের নবাবগঞ্জে ৫০ শতক পতিত জমিতে ৫৭০টি টপলেডি জাতের পেঁপেগাছ লাগিয়ে সফল হয়েছেন কৃষক আবদুল খালেক। ১ লাখ ৬০ হাজার টাকা খরচে এক দফা ফল বিক্রি করেই আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। মৌসুম শেষে ৭-৮ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।

আবদুল খালেক নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা। কৃষিকাজের প্রতি আগ্রহ থেকেই দীর্ঘদিনের পতিত জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষের উদ্যোগ নেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় সেখানে টপলেডি জাতের ৫৭০টি চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ভালো ফলন এসেছে। ইতোমধ্যে কয়েক দফায় বাগান থেকে পেঁপে সংগ্রহ করে বাজারে বিক্রিও শুরু করেছেন তিনি।

আবদুল খালেক জানান, পেঁপে চাষে এখন পর্যন্ত তার ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। প্রথম দফায় ফল বিক্রি করেই আয় হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ পেঁপে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। বাগানে আরও অনেক ফল রয়েছে। উৎপাদন ও বাজারদর স্বাভাবিক থাকলে মৌসুম শেষে মোট বিক্রি ৭ থেকে ৮ লাখ টাকায় পৌঁছাতে পারে বলে আশা করছেন তিনি।

তার ভাষ্য, অল্প জমিতেও পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে ভালো আয় করা সম্ভব। এ অভিজ্ঞতায় উৎসাহিত হয়ে আগামী বছর আরও বেশি জমিতে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে চাষের পরিকল্পনা করছেন তিনি।

খালেকের বাগানের সাফল্যে অনুপ্রাণিত হয়েছেন স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়াও। তিনি জানান, নিজের এক একর পতিত জমিতে বাণিজ্যিকভাবে একই জাতের পেঁপে চাষ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রোগবালাই দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কৃষকদের এসব বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট কৃষি সংবাদ


অন্যান্য সংবাদ