ATN News
শিরোনাম
  •  

ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, ৪১ জন নিহতের দাবি হুথিদের

         
ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, ৪১ জন নিহতের দাবি হুথিদের

ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, ৪১ জন নিহতের দাবি হুথিদের

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ শিশু ও ৭ নারীসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।

শুক্রবার (২০ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হুথিদের দেওয়া হতাহতদের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী এক বিবৃতিতে জানান, হুথি যোদ্ধারা জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর দাবি, হামলাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইয়াহিয়া সারী আরও দাবি করেন, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজান অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে এসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। দেশটিতে হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে বিভিন্ন ফ্রন্টে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সূত্র: সিনহুয়া

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ