ATN News
শিরোনাম
  •  

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, নিহত-আহত ১৯৩

         
ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, নিহত-আহত ১৯৩

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, নিহত-আহত ১৯৩

ইয়েমেনজুড়ে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মাত্র ২৪ ঘণ্টায় ৮৫৪টি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে অন্তত ১৯৩ জন হুথি যোদ্ধা নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে হুথিদের ৮১টি পরিবহন যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস বা অকেজো করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত পরিচালিত এসব অভিযান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনীর এক মুখপাত্র। এতে সরকারি বাহিনীকে সহযোগিতা করেছে হুথিবিরোধী সশস্ত্র সংগঠন পপুলার রেজিস্ট্যান্স।

বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টার অভিযানে হুথিদের লক্ষ্য করে ৩১টি বিমান হামলা, ৯১টি ড্রোন হামলা, ৪৫টি রকেট লাঞ্চার হামলা এবং ৬৮৭টি আর্টিলারি হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের আল-জওফ ও মারিব ফ্রন্টে সরকারি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এ সময় হুথি ফিল্ড কমান্ডারদের লক্ষ্যবস্তু করার পাশাপাশি তাদের গোলাবর্ষণের উৎসগুলো নিষ্ক্রিয় করার দাবি করা হয়েছে।

এছাড়া তাইজ শহরে সরকারি বাহিনী ও ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর যোদ্ধারা হুথিদের গতিবিধির মোকাবিলা করেছে এবং তাদের বিভিন্ন অবস্থান ও জমায়েতস্থলে আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টেও মাঠপর্যায়ের পরিস্থিতির প্রেক্ষিতে সামরিক অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে হোদেইদাহ বন্দর ও সানার বিভিন্ন স্থানে জোট বাহিনীর হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে; বলা হয়েছে, এসব হামলার আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। হুথিরা এসব স্থান তাদের সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করত; যার মধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংযোজনের ওয়ার্কশপও ছিল।

মুখপাত্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা বেসামরিক অবকাঠামোকে ব্যবহার করে ইয়েমেনি জনগণ, পুরো অঞ্চল এবং লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীর নৌচলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছে।

সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুথিদের সৃষ্ট হুমকি দূর করা এবং সাধারণ জনগণ ও জাতীয় সম্পদ রক্ষা করাই তাদের প্রধান অগ্রাধিকার। তারা আরও বলেছে, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ