ATN News
শিরোনাম
  •  

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪, দুজনের অবস্থা সংকটাপন্ন

         
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪, দুজনের অবস্থা সংকটাপন্ন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪, দুজনের অবস্থা সংকটাপন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নার চুলায় আগুন জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার ৪ তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন (৩০), তার স্ত্রী লিমা পারভীন (২৬) এবং তাদের দুই আত্মীয় হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ৪ জনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ জানান, দগ্ধ ৪ জনের মধ্যে শাহিন ও লিমা গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং লিমার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। ২ জনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, শাহেদের শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের দুজনের ক্ষেত্রেও শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে রান্নার জন্য চুলায় আগুন ধরানোর চেষ্টা করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। তাদের ধারণা, দরজা-জানালা বন্ধ থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে থাকতে পারে। চুলার গ্যাসের চাবি খোলা থাকা অথবা পাইপলাইনে লিকেজের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফ্ল্যাটের ভেতর থেকে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ ঘটনায় গ্যাস লিকেজ নাকি চুলার গ্যাসের চাবি খোলা থাকার কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ