ATN News
শিরোনাম
  •  

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের মতপার্থক্যের ইঙ্গিত

         
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের মতপার্থক্যের ইঙ্গিত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের মতপার্থক্যের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ইরানে সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তার সায় ছিলো না; তার হাতে ক্ষমতা থাকলে মার্কিন বাহিনীকে ইরানে অভিযান শুরুর নির্দেশ দিতেন কি-না— এ প্রশ্নের উত্তরও এড়িয়ে গিয়েছেন ভ্যান্স।

গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভ্যান্স। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না।

জবাবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জে ডি ভ্যান্স বলেন, “ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের, আর আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।”

উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে ইরানে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করেছেন, জে ডি ভ্যান্স তা কখনও করেননি; বরং চলতি নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নির্বাচনে নিজেদের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির কারণ হিসেবে ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেছেন তিনি।

৪ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, “(নির্বাচনে) আমদের পরাজয়ের কারণ (ইরান) যুদ্ধ। গত রাতে প্রেসিডেন্ট নিজেও এমনটাই বলেছেন। যদি কেউ মনে করেন যে এই যুদ্ধের স্বার্থে আগামী ৬ বছরের জন্য সিনেটে আমাদের (রিপাবলিকান পার্টি) নিয়ন্ত্রণ হারানো সার্থক হয়েছে, তবে তারা তা যুক্তি দিয়ে প্রমাণ করুক। তারা বলুক— এ যুদ্ধের জন্য আমাদের এমন মূল্য দেওয়া যথার্থ হয়েছে।”

শুক্রবারের সংবাদ সম্মেলনে ভ্যান্সের বক্তব্যের পর ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের নিজস্ব মতামত থাকতে পারে এবং এতে তিনি অসন্তুষ্ট নন। তবে ট্রাম্পের মতে, ভ্যান্সের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল। সেটি হলো, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন—এমন স্বীকৃতি।

ট্রাম্প বলেন, তার প্রশাসনে কাজ করা ব্যক্তিদের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে ইরান সম্পর্কে কঠোর মন্তব্যও করেন তিনি।

পরে সাংবাদিকরা আবারও ভ্যান্সের কাছে জানতে চান, নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরও ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা রয়েছে কি না।

জবাবে ভ্যান্স বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ইরান সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় মদত দেওয়া সবচেয়ে বড় শক্তি। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে, এমনকি বড় ধরনের প্রাণহানির আশঙ্কাও তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি আবারও এমন পদক্ষেপ নিতে পারেন। প্রেসিডেন্টকে সমর্থন করাই তার দায়িত্ব।

দীর্ঘদিন ধরেই সামরিক সংঘাতের বিরোধিতা করে আসছেন ভ্যান্স। ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গ্রীষ্মকালে একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছিলেন তিনি, যদিও সেটি বেশিদিন স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আলোচনার পথ পুনরায় চালুর উদ্যোগও নিয়েছিলেন ভ্যান্স। তবে তার নির্বাচনী পরবর্তী মূল্যায়নের পর ট্রাম্প আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেন এবং ভ্যান্সকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে জানান, ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ