ATN News
শিরোনাম
  •  

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি নয় ভারত

         
বাংলাদেশের  রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি নয় ভারত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি নয় ভারত

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি ভারত। দেশটিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাপ্রবাহকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে দেশটি।

শুক্রবার (গতকাল) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে এ অবস্থান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় চলমান রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তিনি চলমান অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারায় কাজ করা শক্তিকে দায়ী করেন।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধন এ সম্পর্কের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনো অবস্থান না নেওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। তবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে নিজেদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে ভারত।

সূত্র: পিটিআই ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ