ATN News
শিরোনাম
  •  

মিরপুরে শিক্ষার্থী সাগর হত্যা মামলা: সিরাজুল খান গ্রেফতার

         
মিরপুরে শিক্ষার্থী সাগর হত্যা মামলা: সিরাজুল খান গ্রেফতার

মিরপুরে শিক্ষার্থী সাগর হত্যা মামলা: সিরাজুল খান গ্রেফতার

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মোঃ সিরাজুল খান (৬৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা থেকে রমনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজুল খান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাশপুর এলাকার বাসিন্দা। সিআইডির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি এ মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাগর আহমেদ (২১)। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাগর আহমেদের চাচাতো ভাই বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি মিরপুর মডেল থানার মামলা নম্বর-১৫। এতে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

সিআইডি জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা এবং সংশ্লিষ্ট অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ