ATN News
শিরোনাম
  •  

স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ৪

         
স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ৪

স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ফেরিওয়ালাকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই সূত্রে জানা যায়, নিহত মো. আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্থায়ী বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তেরছড়ি এলাকায়। তিনি বিভিন্ন এলাকায় বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আলমগীর। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

একই দিন সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকায় একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় হত্যা, চুরি ও সহায়তার অভিযোগে মামলা করেন। মামলার নম্বর ৩২। পরদিন ১৯ নভেম্বর পিবিআই মুন্সীগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআইয়ের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও রিনা বেগমকে (২৪) গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় তিন মাস আগে নিহত আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রাখেন। ওই স্বর্ণের মধ্যে তিন আনা স্বর্ণ তাঁর অজান্তে স্থানীয় রিকাবী বাজারের একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে স্বর্ণ ফেরত দেওয়া নিয়ে আলমগীরের সঙ্গে তাঁর ভাই ও ভাবির বিরোধ সৃষ্টি হয়।

এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে আলমগীরের স্বর্ণালঙ্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, এর জের ধরে জাহাঙ্গীর ও রিনা আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিকল্পনা অনুযায়ী সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে দুটি মিশুক অটোরিকশায় করে তাঁকে রিকাবী বাজার থেকে বালুচরের দিকে নেওয়া হয়। পথে আরও দুজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের সঙ্গে যোগ দেন।

একপর্যায়ে নির্জন স্থানে পৌঁছালে আলমগীরের কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার খোঁজ করা হয়। তিনি চিৎকার করলে তাঁকে মারধর করা হয়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে জানিয়েছে পিবিআই। পরে মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পিবিআই আরও জানায়, গ্রেপ্তারকৃতদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনকে ১৯ নভেম্বর আদালতে পাঠানো হলে তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে সংস্থাটি।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং পিবিআই মুন্সীগঞ্জ জেলা ইউনিট ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে মামলাটির ছায়া তদন্ত পরিচালিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এসআই জুবায়ের হোসেন।

তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ