ATN News
শিরোনাম
  •  

নির্বাসন থেকে রাষ্ট্র পরিচালনায়, ৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান

         
নির্বাসন থেকে রাষ্ট্র পরিচালনায়, ৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাসন থেকে রাষ্ট্র পরিচালনায়, ৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান

৬১ বছর পেরিয়ে ৬২ বছর বয়সে পা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, বিতর্ক, মামলা, নির্বাসিত জীবন এবং দলীয় নেতৃত্বের কঠিন সময় পার করে চলতি বছর প্রধানমন্ত্রী হন তিনি।

এক সময় তারেক রহমানকে দেশের রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছিল, দীর্ঘ ১৭ বছর কেটেছে নির্বাসনে। সেই জায়গা থেকে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী।

তারেক রহমানের রাজনৈতিক পথচলার শুরু একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। মা বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই- সংগ্রাম করেছেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফলে শৈশব থেকেই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক আন্দোলনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তারেক রহমান।

তবে পারিবারিক পরিচয়কে রাজনৈতিক অবস্থান তৈরির একমাত্র ভিত্তি করেননি তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। তৃণমূল পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল তার রাজনৈতিক দক্ষতা প্রকাশের প্রথম গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি। ওই নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বিএনপির জাতীয় নির্বাচনী কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয় তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নে তিনি কাজ করেন। ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে দলকে সুসংগঠিত করতে ছুটে যান সারা দেশে। তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করে সারাদেশে দলকে সুসংগঠিত করেন তিনি। দেশের আপামর জনগণের কাছে "আরেক জিয়া" হিসেবে সমাদৃত হন।

দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিক সফর, তৃণমূল প্রতিনিধি সভা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেন।

তবে তার রাজনৈতিক জীবনে বড় ধাক্কা আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তারেক রহমান। পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেই যাত্রাই পরিণত হয় দীর্ঘ প্রবাসজীবনে।

প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। লন্ডনে বসেই দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেন।

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নানা বাধা ও প্রতিকূলতার মুখে পড়ে। এ সময় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক হয়রানির অভিযোগ ওঠে। তারেক রহমানও একাধিক মামলার মুখোমুখি হন। তার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞাও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দলের চেয়ারপারসন কারাগারে এবং অসংখ্য নেতাকর্মী মামলা ও গ্রেপ্তারের মুখে থাকায় ওই সময় তার নেতৃত্ব ছিল বড় চ্যালেঞ্জের বিষয়। প্রবাসে থেকেও দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর গণতান্ত্রিক ধারায় ফেরার প্রত্যাশা তৈরি হয় দেশজুড়ে।

এর ধারাবাহিকতায় প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তবে প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের মুখোমুখি হন তিনি। ব্যক্তিগত শোকের পাশাপাশি দলের নেতৃত্বের দায়িত্বও তার ওপর আরও জোরালোভাবে বর্তায়।

২০২৬ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বড় জয় পায়। দলটি ২১১টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৬২ বছরে পা রাখা তারেক রহমানের সামনে এখন রাষ্ট্র পরিচালনার বড় দায়িত্ব। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলীয় নেতৃত্ব এবং ক্ষমতার পালাবদলের অভিজ্ঞতা নিয়ে তার নতুন অধ্যায় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বে। জন্মদিনে রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা যেমন আলোচনায়, তেমনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা নিয়েও রয়েছে ব্যাপক প্রত্যাশা ও আগ্রহ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ