ATN News
শিরোনাম
  •  

প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬

         
প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬

প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬

বাংলাদেশের এআইভিত্তিক সৃজনশীল কাজের বিকাশ ও নতুন ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা।

হিউম্যান ক্রিয়েটিভিটি এআই পসিবিলিটিজ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সৃজনশীল শিল্পের ভবিষ্যৎ এবং নতুন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

গত ১২ আগস্ট শুরু হওয়া প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে দেশের ২৭টির বেশি জেলা থেকে ৫ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। প্রতিযোগিতায় চারটি বিভাগ ছিল—এআই অ্যাডভার্টাইজমেন্ট, এআই শর্ট ফিল্ম, এআই মিউজিক ভিডিও ও এআই ফ্যাশন।

প্রতিযোগিতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারে দুই দিনব্যাপী এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডিং, স্টোরিটেলিং, ক্রিয়েটিভ ডিরেকশন এবং এআই টুলসের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নেন। পরে তাঁদের বাস্তবভিত্তিক ক্রিয়েটিভ ব্রিফ দেওয়া হয়। এসব কাজ অভিজ্ঞ পেশাজীবী ও বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানের সামিট পর্বে তিনটি মূল বক্তব্য ও দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিবস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং এআই ও ডিজিটাল রূপান্তরবিষয়ক বিশেষজ্ঞ মুনির হাসান।

আলোচনায় চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা ও সৃজনশীল শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব তুলে ধরা হয়।

প্রথম প্যানেল আলোচনায় বাংলাদেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এতে সঞ্চালনা করেন স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সাইমুম হোসাইন। অংশ নেন কোডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত রিচার্ড, অ্যাক্সেনটেক পিএলসির মুনাফ মজিব চৌধুরী, আলেফ গ্রুপের মো. এহসানুল হক এবং বাংলালিংকের কে. এম. রায়হান।

দ্বিতীয় প্যানেলে মানুষের সৃজনশীলতা ও এআইয়ের কর্মদক্ষতার মধ্যে সম্পর্ক এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। এতে সঞ্চালনা করেন স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবি।আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অ্যাডকম লিমিটেডের পুলক অনীল, দ্য ডেইলি স্টারের মো. তাজদিন হাসান এবং হাভাস বাংলাদেশের কিংকর আহসান।

সামিটের পর অনুষ্ঠিত হয় প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড শো। এতে এআই অ্যাডভার্টাইজমেন্ট, এআই শর্ট ফিল্ম, এআই মিউজিক ভিডিও ও এআই ফ্যাশন বিভাগে নির্বাচিত ক্রিয়েটরদের পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ী, রানার-আপ ও সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি সেরা সৃষ্টির জন্য রাখা হয় বিশেষ গ্রাঁ প্রি অ্যাওয়ার্ড।

আয়োজকদের লক্ষ্য, এ উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মের ক্রিয়েটরদের দক্ষতা বাড়ানো এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে যোগাযোগ তৈরি করা।

প্রাণ-আরএফএলের উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগে ছিল স্পাইকস্টোরি লিমিটেড। সহযোগী প্রতিষ্ঠান ছিল দ্য ডেইলি স্টার ও সিবস সলিউশন। সহযোগী অংশীদার হিসেবে যুক্ত ছিল আস্থা আইটি, ভোসু এআই, এলএফ ইনকরপোরেশন, টেন মিনিট স্কুল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি, আইসেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেরুন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ